নাম তাজরীন ইসলাম তন্বী। বেড়ে ওঠা নাটোরের বাগাতিপাড়ায়। সরকারি চাকরিজীবী বাবা মো. তরিকুল ইসলাম ও শিক্ষক মা মোসা. হাফিজা আক্তারের প্রথম সন্তান তন্বী। তন্বীর প্রাণবন্ত কর্মচাঞ্চল্যতা ও বন্ধুবাত্সল্যে মুগ্ধ হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। এক যুগের বেশি সময় ধরে চলে আসা বিতর্ক সংগঠনটিকে গতবছরও সাধারণ সম্পাদকের ভূমিকায় নেতৃত্ব দিয়েছেন।
তন্বীর নেতৃত্বের দক্ষতা স্কুলজীবন থেকেই গড়ে উঠতে শুরু করে। ৬ষ্ঠ শ্রেণি থেকে বিতর্কচর্চা শুরু হয়। অষ্টম শ্রেণিতে বিতর্কের দল গঠন করেন। ৯ম শ্রেণিতে থাকাকালীন ইন্টার ক্যান্টনমেন্ট স্কুল বিতর্ক প্রতিযোগিতায় নিজের টিম নিয়ে অংশ নেন। প্রথমবার অংশ নেওয়া তন্বীর দল তৃতীয় স্থান অধিকার করে। বিতর্ক চর্চা চলতে থাকে তন্বীর। অংশ নেন জাতীয় শিশু বিতর্ক, স্কুল, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায়। এরপর কলেজজীবন। পালন করেন কলেজ ডিবেটিং ক্লাবের সহসভাপতির দায়িত্ব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাত্র তিন মাসের মাথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের হয়ে জাতীয় নারী বিতর্কে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হন। ২০১৭ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে তার দল প্রথম ট্রফি অর্জন করে। ২০১৮ সালে রুয়েট আয়োজিত জাতীয় বিতর্কে হয় রানার-আপ।
বিতর্কের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নারী ক্রিকেট টিমে খেলছেন। খেলেন হ্যান্ডবল। আমেরিকান কেমিক্যাল সোসাইটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার-জাবির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রসায়ন সংসদের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তন্বীর গানের গলাও বেশ। তন্বীর সঙ্গে কথা বলার আগ মুহূর্তে তার গাওয়া ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি বারবার শুনছিলাম। পাশ থেকে বন্ধু তুলি জানালেন সাইক্লিস্ট হিসেবে তন্বীর অর্জনের কথা। সাইকেলে জাহাঙ্গীরনগরের হল পর্যায়ে রয়েছে পদক। ছোটোবেলা থেকে বই পড়ার অভ্যাস তন্বীর। লেখালেখিও করেন। ছবি তোলেন। ভালোবাসেন ঘুরতে ও মানুষের সঙ্গে মিশতে। তন্বীর অনুপ্রেরণা মা ও নানি। বললেন, ‘ছেলেমেয়ের কাজ ভিন্ন হতে পারে আম্মু এমনটি শেখায়নি।’