তাহলে ইশান্ত শর্মাই স্যামিকে ‘কালু’ বলেছিলেন!

ভারতে আইপিএল খেলতে এসে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি এমন বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। কিন্তু কে বা কারা তাকে কটাক্ষ করতেন, তা স্পষ্ট করে বলেননি। শুধু দর্শকদের মধ্যে থেকেই বর্ণবিদ্বেষমূলক মন্তব্য উড়ে আসত না, বরং তার সতীর্থরাও গায়ের রং নিয়ে কটাক্ষ করতেন। সে কথাও বলেছেন তিনি। 

কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের এক সতীর্থের ইনস্টাগ্রাম পোস্ট ফের ভাইরাল হতেই বর্ণবিদ্বেষের পোক্ত প্রমাণ পাওয়া গিয়েছে।  ভারতীয় দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা তার ইনস্টাগ্রামের একটি পোস্টে এই ধরনের মন্তব্য করেছিলেন বলে একটি পোস্ট ভাইরাল হয়েছে। 

২০১৪ সাল। তখন সানরাইজার্সের হয়ে খেলতেন স্যামি, ইশান্তরা। এই বছরই ১৪ মে ইশান্ত শর্মার একটি পুরনো ইনস্টাগ্রাম পোস্ট নিয়েই যত বিতর্ক। সেখানে তিনি একটি ছবি পোস্ট করেছেন। তাতে তিনি ছাড়াও রয়েছেন ভারতীয় সতীর্থ ভুবনেশ্বর কুমার, ড্যারেন স্যামি এবং ডেল স্টেইন।

সেই ছবির ক্যাপশনে ইশান্ত লিখছেন, ‘আমি, ভুবি, কালু এবং গান সানরাইজার্স!’ স্যামির প্রতি বর্ণবিদ্বেষের অভিযোগে চাঞ্চল্য ছড়াতেই ইশান্তের পুরনো পোস্ট ফের ভাসিয়ে তুলেছেন অনুরাগীরা। ইশান্তের কৃতকর্মের জন্য অনেকেই তাকে পোস্টটি ডিলিট করে স্যামির কাছে ক্ষমা চাইতে বলেছেন। তবে এখনো এই ঘটনায় ইশান্ত বা সানরাইজার্স টিমের বাকি ক্রিকেটারদের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি বেশ গুরুতর বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এ ব্যাপারে সরাসরি এখনো কোনো মন্তব্য করেনি বিসিসিআই। স্যামির অভিযোগ নিয়ে অনেকেই কিন্তু ইতিমধ্যে বোর্ডের হস্তক্ষেপ দাবি করেছেন।

ইত্তেফাক/এসআই