রংপুরের পীরগাছায় উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তিসহ ছয়জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
বুধবার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের রিপোর্টে একজন ও ঢাকা থেকে পাওয়া রিপোর্টে পাঁচ জনের করোনা পজিটিভ আসে।
পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে বুধবার এই ফল পাওয়া গেছে। আক্রান্ত সকলে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার উপজেলার ছাওলা ইউনিয়নের রতিনপুরে ইলিয়াস হোসেন (৭২) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান। সেদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
ওই রিপোর্ট ঢাকায় পাঠানো হলে তার করোনা পজিটিভ আসে। এছাড়া উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম, ছাওলা ইউনিয়নের পাওটানা ও কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী এলাকায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১ মে পীরগাছায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আট জন ও রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে দুজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে নতুন আক্রান্ত ৫ জনসহ ১৩ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, করোনা ভাইরাস আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম