সম্প্রতি দেশের সবচেয়ে বড় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বাটা’, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের রক্ষায় সম্মুখসারির যে সকল যোদ্ধারা ক্রমাগত লড়াই করে যাচ্ছেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টের ঘোষণা দিয়েছে। সারাদেশে ছড়িয়ে থাকা বাটা-র সকল রিটেইল স্টোরে করোনা দুর্যোগের মহানায়কেরা এই বিশেষ ডিসকাউন্টের সুবিধা পাবেন। কঠিন দুর্যোগের এই সময়ে তাদের জন্য সামান্য সুযোগটি করে দিতে পেরে প্রতিষ্ঠানটি অত্যন্ত গর্বিত।
বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং, ইফতেখার মল্লিক জানান, 'এই মহাদুর্যোগটি আমাদের সবার জীবনকে আক্রান্ত করে ফেলার পর সম্মুখসারির যোদ্ধারাই সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। তাই তাদেরকে বিশেষ সম্মান জানানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।'
করোনা-কালীন এই মহানায়কদের পাশে দাঁড়ানোর জন্য শুরু থেকেই বাটা নানা পদক্ষেপ নিয়েছে। এর আগে, বাটা স্বাস্থ্য কর্মীদের জন্য প্রতিরক্ষামূলক পোশাক (পিপিই) ও ফেস মাস্ক উৎপাদন ও বিতরণ করেছে। এছাড়া জনসাধারণের জন্য বিভিন্ন স্থানে স্থাপন করেছে হ্যান্ড স্যানিটাইজিং বুথ।
করোনা-যুদ্ধের সম্মুখসারির সকল নায়ক - চিকিৎসক, নার্স, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, হাসপাতাল বা ডায়াগনস্টিক চেম্বার কর্মী, প্রতিরক্ষা ব্যক্তিত্ব (পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, নেভি, কোস্ট গার্ড, এয়ার ফোর্স, আনসার ও সিকিউরিটি গার্ড), গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকরা দেশের যেকোন বাটা স্টোর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিশেষ ডিসকাউন্ট সুবিধাটি গ্রহণ করতে পারবেন।
ইত্তেফাক/আরএ