মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাসদের পক্ষ থেকে শোক জানিয়েছেন দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। এক শোক বার্তায় জানানো হয়, আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক, সাবেক মন্ত্রী, শহীদ জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-রাজনৈতিক সহযোদ্ধা-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা।
তারা বলেন, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনসহ প্রগতিশীল আন্দোলনে মোহাম্মদ নাসিমের ঐতিহাসিক অগ্রণী সাহসী ভূমিকা, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারকে গ্রেফতার-বিচার-শাস্তি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সশস্ত্র সন্ত্রাসীদের আত্মসমর্পণ, মোবাইল ফোনের একচেটিয়া ব্যবসাকে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক করে দেয়ার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।
তারা বলেন, মোহাম্মদ নাসিম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা ও রক্ষার জন্য সর্বদা আন্তরিক ও সচেষ্ট ছিলেন। তারা বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের অপরিসীম ক্ষতি ও শূন্যতা সৃষ্টি করবে।
গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্টোক করেন। কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। সফল অস্ত্রোপচার হলেও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বাধা ছিল। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন। আজ (১৩ জুন) সকালে তিনি মারা যান।
ইত্তেফাক/আরএ