বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেয়া পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ আবারো নিজের সিদ্ধান্ত বদলে টেস্টে ফিরতে চান। আসন্ন ইংল্যান্ড সফরেই দলের প্রয়োজনে ওয়াহাব ফিরতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক।
বিশ্বকাপের পরপরই সীমিত ওভারের ক্রিকেটে বেশি মনোযোগ দিতে টেস্ট থেকে অবসর নিয়েছেন ওয়াহাব রিয়াজ। তার কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন মোহাম্মদ আমীর। তাদের এমন সিদ্ধান্তের কারণে অনেক সমালোচনা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। ক্ষোভ প্রকাশ করেন প্রধান কোচ মিসবাহও। এর জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন আমির ও ওয়াহাব। এত কিছুর পর শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলেছেন ওয়াহাব। বিরতি কাটিয়ে টেস্টে ফেরার কথা জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক মিসবাহকে।
আগামী আগস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এর জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। এই দলে আছেন ওয়াহাব। বাঁহাতি বোলারের থাকা নিয়ে প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ জানান ওয়াহাবের টেস্ট ভাবনায় পরিবর্তনের কথা।
এ ব্যাপারে মিসবাহ বলেন, ‘এ বিষয়ে ওয়াহাবের সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে, প্রয়োজন হলে ইংল্যান্ডে টেস্ট ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।'
ইত্তেফাক/এসআই