রামগতিতে পুলিশের আরও এক সদস্যসহ নতুন করে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র নিশ্চিত করে জানায়, শনিবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের একজন রামগতি থানার পুলিশ কনস্টেবল এবং অপরজন পোড়াগাছা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকার বাসিন্দা। তিনি ইসলামিক ফাউন্ডেশন রামগতি অফিসে কর্মরত। বিভিন্ন উপসর্গ থাকায় পরীক্ষার জন্য তাদের নমুনা দিয়েছেন। ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, এর আগে আক্রান্ত এক পুলিশ সদস্যের সংস্পর্শে থাকা পুলিশের আরও একজন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তারও করোনা পজিটিভ আসে। আক্রান্তদের নিজ নিজ বাসস্থানে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, নতুন আক্রান্ত এ দুইজন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২জনে। এর আগে একজন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, দুইজন স্বাস্থ্যকর্মী, রামগতি থানার একজন পুলিশ কনস্টেবলসহ ৩০জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে একজন স্কুল শিক্ষক মারা গেছেন এবং ১৩জন সুস্থ হয়েছেন।
ইত্তেফাক/আরকেজি