সেরেনার সার্ভিস বোঝা কঠিন: ফেদেরার

নারী ও পুরুষ এককে সময়ের সেরা দুই তারকা মুখোমুখি হয়েছিলেন একে অপরের। যাদের মিলিত সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা ৪৩। হপম্যান কাপের মিশ্র দ্বৈতে ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই দুই কিংবদন্তি। যে ম্যাচে ৪-২, ৪-৩ ফলে সেরেনা-ফ্রান্সেস তিয়াফো জুটিকে হারাল ফেদেরার-বেলিন্দা বেনচিচের দল।

জয়ের পর ফেদেরার বলেন, ‘সেরেনার সার্ভিসের মুখে পড়ে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। চাপে ছিলাম। ওর সার্ভিস নিয়ে সবাই এত কথা বলে। এখন আমি বুঝলাম, কেন সেরেনার সার্ভ এত দুর্দান্ত। ওর সার্ভিস বুঝতে পারাই কঠিন।’

সেরেনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে ফেদেরার আরও বলেন, ‘দারুণ মজা হল। সেরেনার বিপক্ষে খেলতে নামলে বোঝা যায়, কতটা দৃঢ়প্রতিজ্ঞ সে। সেরেনার এই ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে।’

আরো পড়ুন: নির্বাচনে ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে: সুপ্রিম কোর্ট বার

ম্যাচের পরে সেরেনা-রজার একই সঙ্গে সেলফি তোলেন। রাতে নিজেদের ছবি টুইট করে ফেদেরার লেখেন, ‘ওয়াহ, কী একটা রাত গেল! দারুণ মজা হল। ক্যারিয়ারের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এমন একটা ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুব ভাল লাগছে।’

ইত্তেফাক/কেআই