আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তার দ্বিতীয় নামাজে জানাজা হয়। জানাজা শেষে মরহুমের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে সকাল ৯টায় রাজধানীর সোবহানবাগ জামে মসজিদে মোহাম্মদ নাসিমের প্রথম নামাজে জানাজা হয়।
জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে জানাজার আয়োজন করা হয়।
বনানী কবরস্থানে মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
শনিবার রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ নাসিম।
শ্বাসকষ্ট নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার করোনা ভাইরাস পজিটিভ আসে। এরপর ৫ জুন ভোররাতে ব্রেন স্ট্রোক হয়। অস্ত্রোপচারের পর থেকেই অচেতন অবস্থায় ছিলেন মোহাম্মদ নাসিম।
ইত্তেফাক/জেডএইচ