জাদেজাসহ ৫ ক্রিকেটার পেলেন মাদক বিরোধী সংস্থার নোটিশ

নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ হওয়ায় ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ৩ পুরুষ ও ২ নারী ক্রিকেটারকে নোটিশ দিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। এদের মধ্যে চেতশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল অন্যতম। তবে পাসওয়ার্ড বিভ্রাটের জন্য এমনটি হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। এই ৫ জনের মধ্যে অন্য দুই ক্রিকেটার হলেন নারী দলের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও অলরাউন্ডার দীপ্তি শর্মা।

করোনা ভাইরাসের কারণে দেশ লকডাউন থাকলেও ক্রিকেটাররা কে কোথায় থাকেন সেটা জানানো ছিলো বাধ্যতামূলক। তবে তিন বার সেই তথ্য জানাতে ব্যর্থ হয়েছেন এমন ৫ জন ক্রিকেটার। যা অ্যান্টি ডোপিং আইন ভাঙার সমান অপরাধ। সেক্ষেত্রে শুনানির পর সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে।

এ প্রসঙ্গে নাডার মহাপরিচালক নাভিন আগারওয়াল পিটিআইকে জানান, খেলোয়াড়দের পক্ষে কিছু কিছু ক্ষেত্রে বোর্ড বা ফেডারেশন তথ্যগুলো জানায়।  বিসিসিআই তাদের পাঁচ ক্রিকেটারের অবস্থান জানাতে ব্যর্থতা নিয়ে একটি ‘যৌক্তিক’ ব্যাখ্যা অবশ্য দিয়েছে। তারা জানিয়েছে, পাসওয়ার্ট বিভ্রাট হয়েছিল, এখন সেটা ঠিক হয়ে গেছে।

এদিকে ভারতীয় বোর্ডের ব্যাখ্যা নিয়ে আলোচনার পর ওয়াডা সিদ্ধান্ত নেবে, তাদের দেখানো কারণ গ্রহণ করা হবে নাকি ব্যর্থতা হিসেবে দেখা হবে।

ইত্তেফাক/এসআই