ফেনীর সিভিল সার্জন করোনায় আক্রান্ত 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফেনী সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন। রবিবার দুপুরে শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে ভর্তি হন তিনি।

 

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের পরীক্ষাগার থেকে শুক্রবার (১২ জুন) পাঠানো প্রতিবেদনে ডা. মো. সাজ্জাদ হোসেনের নমুনা করোনা শনাক্ত হয়। সেদিন থেকেই তিনি সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের বাড়িতে ‘হোম আইসোলেশনে’ ছিলেন। রবিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের চতুর্থ তলার আইসোলেশনে ভর্তি হন।

 

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো: ইকবাল হোসেন জানান, ফেনী সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা: মো: সাজ্জাদ হোসেন শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে। 

 

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: আবুল খায়ের মিয়াজী জানান, তিনি শ্বাসকষ্টে ভুগছেন। তাঁকে অক্সিজেন সেচুরেশন দেওয়া হচ্ছে। তাঁর চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট (নিউরোমেডিসিন) ডা: মুশফিকুর রহমান, মেডিসিন কনসালটেন্ট ডা: সাইদুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এম এ মতিন ও এনেসথেসিয়া ডা: মো: ইলিয়াস সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম