খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন সুলতানাসহ নতুন করে আরও ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
রবিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবের প্রকাশিত রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।
খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রবিবার ২৮২টি নমুনার মধ্যে ৩৭টি নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা জেলার রয়েছে ২৯টি। বাকিগুলোর মধ্যে যশোরের চারটি, সাতক্ষীরার একটি, বাগেরহাটের দুটি এবং নড়াইলের একটি নমুনা পজিটিভ হয়।
এদিকে, করোনা রোগী শনাক্তের কারণে জেলা প্রশাসন নগরীর ৭টি এলাকা লকডাউন ঘোষণা করেছে। ঘোষিত এলাকাগুলো হচ্ছে- নগরীর দক্ষিণ টুটপাড়াস্থ ১৪৯ ও ১৯৪ নম্বর তালতলা হাসপাতাল রোড, ২৩নম্বর সাউথ সেন্ট্রাল রোড, খালিশপুর আবাসিক এলাকার ১৫০নম্বর রোডের ৪৮নম্বর বাড়ি, ক্রিসেন্ট জুটমিল কর্মকর্তাদের আবাসিক ভবন ‘শিউলী’ এবং খালিশপুরের মুজগুন্নি মেইন রোডস্থ ৫৩৫ নম্বর বাড়ি।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন সুলতানা পারভীনের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এ কারণে তাকে প্রাথমিকভাবে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম