বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ সোমবার এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, 'বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন ঘনিষ্ঠ স্বজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।'
ইমরান আহমদ বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর সিলেটবাসী হারালো তার প্রিয় সন্তানকে। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য,স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইত্তেফাক/আরএ