প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। সোমবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অর্ধ সহস্রাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এমকে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, 'প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেটে বিড়ির মূল্যস্তর ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। অথচ নিম্নস্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্যস্তর মাত্র ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। যা বিড়ির ওপর বৈষম্যমূলক আচরণ। অচিরেই এ শুল্ক কমাতে হবে। তা না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জে অবস্থিত “তালা বিড়ির” মাধ্যমে স্বাধিকার আন্দোলনের পাশাপাশি মেহনতি মানুষের কর্মসংস্থানের স্বার্থে বিড়ি শিল্পকে শুল্ক মুক্ত ঘোষণা করেছিলেন। গরিব দুঃখী মানুষের শ্রমবান্ধব জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বিড়িতে শুল্ক কমানোর জন্য বক্তব্য দিয়েছিলেন। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে এবারের বাজেটেও বিড়িতে মাত্রাতিরিক্ত করারোপ করা হয়েছে। এ বৈষম্যমূলক শুল্ক নীতির কারণে বিড়ি শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে।
মানববন্ধন শেষে শ্রমিক নেতারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর বিড়িতে শুল্ক কমানোসহ ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
ইত্তেফাক/আরএ