উদ্বোধনের অপেক্ষায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ড্রাইভিল’

রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে মার্কিন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ড্রাইভিল’। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের জন্য আরো আগে ড্রাইভিলের যাত্রা শুরুর কথা থাকলেও তা হয়ে উঠেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই উদ্বোধনের চিন্তা করছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালে ‘ড্রাইভিল’ কোম্পানি যাত্রা শুরু করে নিউ ইয়র্কে । সেখানে তাদের সফল যাত্রা শেষে এবার বাংলাদেশে আসার পরিকল্পনা করছে তারা। তবে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। অপেক্ষায় আছে সরকারের ঘোষণার।

ড্রাইভিলের সিইও মোহাম্মদ ওয়াহিদ উজ্জ্বল বলেন, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে এখনো গ্রাহকরা জানেন না। আগামী মাস থেকে আমাদের অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পাওয়া যাবে। পাশাপাশি ডিজিটাল প্রচারণার জন্য আমাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার শুরু হবে আগামী মাস থেকে। সেখান থেকে আমাদের সম্পর্কে সার্বিক কিছু জানতে পারবেন সবাই।

তিনি আরো বলেন, নিরাপত্তা ব্যবস্থা এবং কম খরচই ড্রাইভিলকে জনপ্রিয় করবে। উন্নত বিশ্বের মতো করেই ড্রাইভিল অ্যাপকে সাজাচ্ছি আমরা। বর্তমানে বাংলাদেশে কয়েকটি জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে। প্রতিযোগিতার বাজারে উন্নত সেবা নিয়ে শতভাগ এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস আমাদের রয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ড্রাইভিল রাইড শেয়ারিং সেবা থেকে চালকরা পাবেন সর্বনিম্ন শূন্য শতাংশ কমিশনে কাজ করার সুযোগ এবং যাত্রীদের জন্য থাকছে দেশের সর্বনিম্ন খরচে নিরাপদ যাতায়াতের সুবিধা। এছাড়া মোট ২০টি নতুন ফিচার নিয়ে গ্রাহকদের সামনে হাজির হতে যাচ্ছে ড্রাইভিল।