ফিরে দেখা ২০১৮ চলচ্চিত্র

ভিন্নধারায় সাফল্য

দর্শকের অভাবে আমাদের দেশে সিনেমা হলগুলো ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। একসময় হলের সংখ্যা ছিল ৩ হাজার ৪ শ’র মতো। এখন চালু আছে প্রায় ৩ শ। এখন দর্শকেরা ঘরে বসেই ছবি দেখেছেন বিভিন্ন মাধ্যমে। আর ব্যবসার মন্দায় মুক্তিপ্রাপ্ত ছবির তালিকাও ক্রমে ছোট হয়ে আসছে। বাণিজ্যিক ও বিকল্প ধারার ছবি মিলিয়ে গত বছর মোট ৫৬টি ছবি মুক্তি পেয়েছে। তবে খাতা-কলমে এই ৫৬ ছবির মধ্যে যৌথ প্রযোজনার রয়েছে চারটি। আর আমদানি করা ৪টি। তাহলে দেশি ছবি তাহলে দাঁড়ায় ৪৮টি! এর মধ্যে বেশিরভাগ ছবিতেই বিনিয়োগ করা পুঁজি তুলতে পারেননি প্রযোজকরা। দু-একটাতে যে ব্যতিক্রম নেই তা নয়। যে ইন্ডাস্ট্রিতে বছরে এক সময় দুই শ থেকে আড়াই শ ছবি মুক্তি পেত, সেখানে ৩৬৫ দিনে মাত্র অর্ধশত ছবি মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে শাকিব খানের আটটি। ঢালিউডে গত কয়েক বছর ধরে নম্বর ওয়ান পজিশন ধরে রেখেছেন শাকিব খান। তাই তার ছবি বেশি মুক্তি পাওয়াই স্বাভাবিক। এ বছর তার অভিনীত ৮টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে দেশীয় প্রযোজনায় নির্মিত হয়েছে ‘আমি নেতা হব’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘পাঙ্কু জামাই’, ‘সুপারহিরো’ ও ‘ক্যাপ্টেন খান’। তার অভিনীত ভারতীয় ছবি হিসেবে আমদানি করা হয়েছে ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ ও নাকাব’। প্রদর্শক সমিতি সূত্রে জানা যায়, এ বছরের হিট ছবির তালিকায় ছিল ‘দেবী’, ‘পোড়ামন-২’, ‘ক্যাপ্টেন খান’ ও ‘ভাইজান’ (আমদানিকৃত)। এ ছাড়া ‘চালবাজ’, ‘স্বপ্নজাল’, ‘ইন্সপেক্টর নটি কে’ সম্পর্কেও দর্শকদের আগ্রহ ছিল। তবে বিস্ময়কর ব্যাপার, ৫৬টি ছবির মধ্যে মাত্র একটি ছিল মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘পোস্টমাস্টার ’৭১’। আর আলোচনার শীর্ষে ছিল ‘দেবী’। গত বছর একটি করে ছবি মুক্তির তালিকায় ছিলেন অনেক অভিনেত্রী। এদের মধ্যে রয়েছেন—শাবনূর (পাগল মানুষ), অপু বিশ্বাস (পাঙ্কু জামাই), নিপুণ (ধূসর কুয়াশা), পরীমনি (স্বপ্নজাল), নুসরাত ফারিয়া (ইন্সপেক্টর নটি কে, আমদানি ছবি), শানারেই দেবী শানু (মিস্টার বাংলাদেশ), তানহা তাসনিয়া (ভালো থেক), সিলভী (রাঙা মন), তানিন সুবহা (দেমাগ), নবাগত সুস্মি (আসমানী), অরিণ (ফিফটি ফিফটি লাভ) এবং গোলাম ফরিদা ছন্দা ও অর্ষা (অর্পিতা)। গত বছর শাবনূরকে দীর্ঘদিন পর পর্দায় দেখলেও দর্শকরা আগের মতো গ্রহণ করেননি। এ ছাড়া চলতি বছর ‘হৈমন্তী’, ‘মাটির প্রজার দেশে’, ‘কালের পুতুল’, ‘নামতা’ ও ‘সনাতন গল্প’ নামে দেশীয় প্রযোজনায় কয়েকটি শৈল্পিক ছবি মুক্তি পায়। অন্যদিকে ভারত থেকে আমদানি করা ‘জিও পাগলা’, ‘ফিদা’, ‘পিয়া রে’, ‘ভিলেন’, ‘গার্লফ্রেন্ড’ ও ‘আমি শুধু তোর হলাম’ নামে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো শুধু ব্যর্থই হয়নি, সঙ্গে কুড়িয়েছে সমালোচনাও। ২০১৮ সাল যেন নিজের করে নিয়েছেন নতুন জুটি সিয়াম-পূজা। এ বছরের অন্যতম আলোচিত ছবি ‘পোড়ামন-২’ ও ‘দহন’। দুটিরই নায়ক-নায়িকা তারা। যদিও ‘পোড়ামন-২’ ব্যবসায়িকভাবে সফল হলেও ‘দহন’ তেমন ব্যবসা করতে না পারলেও আলোচনায় ছিল সিয়াম। তার অভিনয়ে মুগ্ধ দর্শক। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত দুটি ছবিই পরিচালনা করেছেন রাইহান রাফি। গত বছরটি ছিল শোকের বছর। শোবিজ মিডিয়ার অনেক গুণী এবং আলোচিত ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছেন এ বছর। তাদের মধ্যে রয়েছেন—অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার; চিত্রনাট্যকার, পরিচালক ও গীতিকার কাজী আজীজ আহম্মদ, চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রানী সরকার, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক মঞ্জুর হোসেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আনোয়ার হোসেন; কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী, লেখক আমজাদ হোসেন ও চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুল।

চলচ্চিত্রে গত বছর কয়েকজন নতুন মুখের দেখা পেয়েছেন দর্শকেরা। নিজের ক্যারিয়ারে চলচ্চিত্র অভিনেত্রীর তকমা অনেক আগে লাগালেও ঢাকাই ছবিতে ২০১৮ সালেই প্রথম অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে আগে কাজ করলেও গত বছরই প্রথম ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। একই সঙ্গে আত্মপ্রকাশ করেন সিয়াম আহমেদ। হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় জয়া আহসানের। একই ছবিতে অভিষেক হয় মডেল অভিনেত্রী শবনম ফারিয়ার। ‘মিস্টার বাংলাদেশ’ নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচালক থেকে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন খিজির হায়াত খান। একই ছবিতে নায়িকা হিসেবে অভিষেক হয় নাট্যাভিনেত্রী শানারেই দেবী শানুর। কোনো ছবি মুক্তি না পেলেও শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন রোদেলা জান্নাত ও মৃদুলা। ‘নায়ক’ ছবিতে বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষিক্ত হন অধরা খান। বছরের শেষ দিকে ‘অর্পিতা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে নাট্যাভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার।

২০১৮ সালটা ছিল তারকাদের ঘর বাঁধার বছর বলা যায়। গত বছর ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী নাবিলা ব্যাংকার জোবাইদুল হকের সঙ্গে এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্যান্ড তারকা বাপ্পা মজুমদার ও উপস্থাপিকা তানিয়া হোসাইন। দীর্ঘদিনের প্রেমিকা সাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করলেন অভিনেতা সিয়াম আহমেদ। গত বছরের আলোচিত বিষয় ছিল ‘হাসিনা :অ্যা ডটার’স টেল’ নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র। এটি সিনেমা হলে মুক্তির পাশাপাশি টিভি চ্যানেলেও দেখানো হয়েছে। অভিনেতা রাজ্জাককে নিয়েও জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামে। চলচ্চিত্র নিয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমও বেড়েছে গত বছর। ২০১৮ সালে ছবি মুক্তি কম ও ব্যবসায়িক মন্দা নিয়ে আলোচনা অনেক হয়েছে। এবার অপেক্ষার পালা। ২০১৯ সালে দেশীয় চলচ্চিত্র কী সুখবর দেয় আমাদের?