ত্রিপুরা নাট্যোত্সবে ‘নীলাখ্যান’

 

মহাকাল নাট্য সম্প্রদায় তাদের নিয়মিত নাট্য প্রযোজনা মানবপ্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’ নিয়ে ৩টি নাট্যোত্সবে অংশগ্রহণের জন্য ভারতের ত্রিপুরায় গেছে। আজ লারনার্স অ্যাডুকেশন সোসাইটি আয়োজিত ৫ম নাট্যমঞ্চ আন্তর্জাতিক নাট্যোত্সব ২০১৯-এ বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন মঞ্চ ও ধর্মনগরে নাটক মঞ্চায়ন করবে তারা। আগামীকাল নাট্যভূমি আয়োজিত ১৩তম নাট্যোত্সব ২০১৯-এ রবীন্দ্রভবন মঞ্চ ও আগরতলায় এবং ৫ জানুয়ারি শুভম নাট্যচক্রের ২০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যতরঙ্গ ২০১৯-এ নতুন টাউন হল মঞ্চ ও খোয়াইয়ে নাটক মঞ্চায়ন করবে সংগঠনটি।

উল্লেখ্য, ত্রিপুরা সফরের মধ্য দিয়ে এ নাটকের ৪৩, ৪৪ ও ৪৫তম প্রদর্শনী সম্পন্ন হবে। মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে ‘নীলাখ্যান’ নাটকটি রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন ড. ইউসুফ হাসান অর্ক।

মঞ্চের নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ পরিকল্পনা, সুর, সঙ্গীত ও আবহসঙ্গীত পরিকল্পনায় ড. ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফি জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, পোস্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ ব্যবস্থাপক জাহিদ কামাল চৌধুরী ও প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন মীর জাহিদ হাসান।

নাটকটির অভিনয়শিল্পীরা হলেন কোনাল আলী সাথী, শাহিনুর প্রিতী, সুরেলা নাজিম, সুমাইয়া তাইয়ুম নিশা, নূর আক্তার মায়া, পিয়াসী জাহান, খলিলুর রহমান সম্রাট, তন্ময় ঘোষ, মনিরুল আলম কাজল, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদ জাহাঙ্গীর, রাসেল আহমেদ, সবুজ হোসেন, ইকবাল চৌধুরী, আরিফুল স্বপ্নিল, মো. শাহনেওয়াজ ও মীর জাহিদ হাসান।