আঞ্চলিক গানে কাতার মাতালেন কলি

 

‘মধু হই হই বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম ন দিলা, হন দোষখান পায় ভালোবাসার দাম ন দিলা’র মতো চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গানগুলো পরিবেশন করে কাতারে বসবাসকারী বাঙালিদের আনন্দে মাতালেন বন্দরনগরী চট্টগ্রামের নন্দিত কণ্ঠশিল্পী শামীমা আক্তার কলি। চট্টগ্রাম চেম্বার সভাপতি আলহাজ্ব মাহাবুবুল আলমের কাতারে আগমন উপলক্ষে গত ২ ডিসেম্বর গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রূপসী বাংলা সাংস্কৃতিক জোট, কাতার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা অধ্যাপক তপন মহাজন ও সভাপতি নাসির উদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানে শিল্পীরা ‘বাঁশখালী মহেশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান’, ‘কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে’, ‘রসের কথা কই কই আর কয়দিন ঘুরাইবা’, ‘বাবরি চুল ওয়ালা ওই লাল কুরতা ওয়ালা দিলি বড় জ্বালারে পাঞ্জাবি ওয়ালা’সহ বেশকিছু চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন। শিল্পী কলির গানে নেচে-গেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছিল কাতারে বসবাসকারী বাঙালিরা। এছাড়া অনুষ্ঠানে শিল্পী কলিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।