নবাবগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে প্রমীলা ভেরনীকা গমেজ (৮৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৩ জুন শনিবার রাতে গাজীপুর পাগার এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে উপজেলার গোল্লা গির্জায় তার সৎকার করা হয়। মৃত্যুর বিষয় নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।
মৃত প্রমীলা ভেরনীকা গমেজ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গুরগুলির বাড়ির বালির ডিয়র গ্রামের সিমফম গমেজের স্ত্রী। সে গাজীপুর পাগাল এলাকায় থাকতেন বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় প্রমীলা ১০/১২ দিন ধরে সর্দিকাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসায় নিচ্ছিলেন। ১৩ জুন রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকালে উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সৎকার টিমের সভাপতি অনুপম দত্ত নিপুর নেতৃত্বে ধর্মীয় রীতি অনুযায়ী গোল্লা গির্জায় তার মরদেহ সৎকার করা হয়।
মৃতের পরিবারের বরাত দিয়ে অনুপম দত্ত নিপু জানান, মৃতের নমুনা সংগ্রহ করে মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। ফলাফল এখনো হাতে পায়নি বলে জানান সৎকার টিমের সভাপতি নিপু।
ইত্তেফাক/আরকেজি