ঘাটতি কমাতে ব্যাংকের বদলে অন্য আর্থিক উপাদানের ওপর জোর দিন

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব টিটু বাজেটের প্রতিক্রিয়ায় ইত্তেফাককে বলেছেন, বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার যে প্রস্তাব করা হয়েছে তাতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধা গ্রস্থ হবে। সে কারণে ঘাটতি পূরণে ব্যাংক খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে বৈদেশিক উৎস, অবকাঠামো তহবিল, অবকাঠামো বন্ড ও অন্য আর্থিক উপাদানের ওপর জোর দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

প্রবৃদ্ধির গতি বাড়াতে হলে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগস্ত হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পরিমাণ বিবেচনা করে সংশোধিত বাজেটে অধিক হারে প্রনোদনা বৃদ্ধির জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান। 

আরও পড়ুন: সীমান্তে সংঘর্ষ: ভারতীয় সেনাদের মৃতের সংখ্যা বেড়ে ২০

রংপুর বিভাগের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তাই সংশোধিত বাজেটে রংপুর বিভাগে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প জোন স্থাপনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করেন। 

এছাড়া প্রস্তাবিত বাজেটে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা রোধে বাড়তি করারোপের বিধান আরোপ করায় আন্ডার ইনভয়েসিং-ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার রোধ কমে যাবে বলে তিনি মনে করেন।

ইত্তেফাক/এসি