দর্শক ভর্তি মাঠেই ৩১ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন টেনিস

করোনা সঙ্কট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছে সব ধরনের ক্রীড়া আসর। এরইমধ্যে মাঠে ফিরেছে বড় বড় সব ক্লাব ফুটবলগুলো। ক্রিকেটও শুরু হতে যাচ্ছে খুব দ্রুতই।তবে টেনিসও নিয়ে এলো সুখবর। সবকিছু ঠিকঠাক থাকলে ৩১ আগস্ট থেকে মাঠে গড়াবে ইউএস ওপেন। নিশ্চিত করেছে 'ইউনাইটেড স্টেট টেনিস অ্যাসোসিয়েশন'। সেক্ষেত্রে মাঠে সীমিত আকারে দর্শক প্রবেশেরও মিলবে অনুমতি।

করোনায় লণ্ডভণ্ড হয়েছে পুরো বিশ্ব। অফিস-আদালত থেকে শুরু করে খেলার মাঠ সব খানেই তার ভয়াল থাবা। তবে বিশ্ববাসী মনে করছে করোনাকে ভয় করে নয়, জয় করেই স্বাভাবিক জীবনে ফিরতে হবে। তাই তো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্বের সব ক্রীড়া আসর।   

করোনায় বেহাল দশা মার্কিন মুল্লুকের। তবুও ঘোষণাটা আসলো সেখান থেকেই। সিদ্ধান্তটা, গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন নিয়ে। যেখানে পরিস্থিতি বিবেচনায় ১ সপ্তাহ পিছাতে যাচ্ছে তারিখ। ২৪ আগস্ট নয় টুর্নামেন্ট শুরু হবে ৩১ আগস্ট থেকে।

ইউএসটিএ প্রধান নির্বাহী মাইকেল ডয়েস বলেন, ইউএস ওপেন মাঠে ফেরাতে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছেছি। এটা সবার জন্যই দারুণ একটা খবর। দেখুন আমরা জানি না যে ঠিক কবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে। তাই এর মধ্যেই আমাদের মানিয়ে নিতে হবে। তবে খেলোয়াড়দের সুরক্ষাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সবার তিন দফা করোনা পরীক্ষা শেষেই মাঠে নামার অনুমতি পাবেন।

তবে করোনা পরবর্তী সব খেলায় দর্শক শূন্য হলেও টেনিসে আছে আরেক সুখবর। সীমিত দর্শক নিয়েই মাঠে গড়াচ্ছে ইউএস ওপেন। প্রতি ম্যাচে মাঠে প্রবেশের সুযোগ পাবেন ৫ হাজার জন। টিকেট বিক্রি শুরু হবে চলতি সপ্তাহে। 

ইউএসটিএ প্রধান নির্বাহী মাইকেল ডয়েস বলেন, 'দেখুন মাঠে দর্শক প্রবেশে, অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিলি জেন কিং স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৩ হাজারের মতো হলেও আমার এক ম্যাচে সর্বোচ্চ ৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেবো। তাদেরকেও বেশ কিছু নিয়ম মানতে হবে। একজন দর্শক সব মিলিয়ে সর্বোচ্চ দুটি ম্যাচ দেখতে পারবেন। আমরা চাই এখানে সবার অংশগ্রহণ থাকুক।'

ইত্তেফাক/এসআই