দুটি কবিতা

পাশাপাশিগুলি

 

আমাদের পাশাপাশিগুলি

পড়শির জয়শ্রীগুলি

আমাদের নেই।

 

সঙ্গতিথি পাশের ভেতরে

ঘুণপোকা, থুতুধ্বনি।  

 

পাশের অসুখ,

সেবাবিধি

জানাবে আমাকে।

 

আমি যে তোমার মতো

ফেসবুককথাশিল্পী নই।

 

 

শিশুদের হামাগুড়ি সমর্থন করি

 

শিশুরা এলোমেলোর সমাজপ্রধান,

কাজগুলি সংগ্রহে রাখি।

 

সাজানো বোধের খোঁজে ঢেউগুলি

আকাশসিঁড়ির নীল থেকে নীলে

বালিমূলে কাঁকড়ার সাথে,

জাহাজে একাকী নাবিকের সাথে

সূর্যোদয়ে পাখিজাগা দেখে।

সাজিতেছে জ্যামিতিসভ্যতা দিন।

 

বিবরণ পড়ে যায় শিশুহাত থেকে,

দ্বিতীয় গঠন নিয়ে তর্ক করে ঋণ।

 

এলোমেলোর প্রতিভা ভালোবাসি।

 

শিশুদের হামাগুড়ি আমি সমর্থন করি।