এখানে সবাই বাঁচতে চায়

এ শহর কি এখন তোমার-আমার মনের মতো?

বাতাসে হেঁটে গেলে ভালোবাসার ঘ্রাণ নাকে এসে লাগে; 

শীতে  জাদুকাটা নদীর ভীষণ বালিয়াড়ি জেগে উঠে

শিমুল বাগান যাওয়ার পথ করে দেয় যেমন...

 

শহর তার কোলাহল-স্রোত পাঠিয়ে দিয়েছে দূর মরুপথে;

গোলাপি শিরীষের ডাল ঝুঁকে আছে ফুটপাতের গালিচায়...

সেখানে গিয়ে দাঁড়াব সে গল্প তো আমাদের শত বছরের

এখন কি পাতা ছুঁতে পারো হাত বাড়িয়ে...

ঝরে পড়া অগণন পাপড়ি তোমার পা জড়িয়ে রাখে;

শহর থেকে না পালিয়েও তুমি আরণ্যক হতে পারো?

আমাদের শহর যেন  ইয়েলো ট্রাম্পেট ফুল

আর ভালোবেসেছে আমাদের দেওয়া নাম

এবং সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে।

চাঁদের সঙ্গে জুড়ে দিয়েছি তাকে, চন্দ্রপ্রভা নাম তার

শহর এখন বর্ণিল অরণ্য, শহর এখন বৃষ্টির বাড়ি

সুতরাং এই বর্ষায় চলো ফুটপাত ধরে, হাত ধরে হাঁটি

হলুদ চন্দ্রপ্রভা দেখে মুগ্ধ হই... আবারও

 

আচ্ছা এখন বল তো

এ শহর কি তোমার-আমার মনের মতো হলো?

এখানে সবাই বাঁচতে চায়...

অপরূপ শহর এখন রঙের সরোবর

নিশ্চুপ শহর এখন সবুজের মিনার

আর আমাদের ভালোবাসার নিঃশ্বাসে ভরপুর

অথচ কেউ বের হয়, বাঁচতে চায়!