রাজশাহী রেঞ্জের অধীন আটটি জেলা ও বিভিন্ন ইউনিটের করোনা টেস্টে পজিটিভ শনাক্ত ৮০জন পুলিশ সদস্য করোনা ভাইরাস জয় করে বৃহস্পতিবার (১৮ জুন) নিজ নিজ দায়িত্বে কর্মস্থলে যোগদান করেছেন। এর মধ্যে বিভিন্ন পদমর্যাদার ৭৫জন পুরুষ পুলিশ সদস্য ও ৫জন নারী পুলিশ সদস্য রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের এএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি) সাকিব হোসাইন। তিনি জানান, প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে সম্মুখ লাইনের যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছেন বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য। দায়িত্ব পালনরত আবস্থায় করোনা আক্রান্ত হয়ে অনেক পুলিশ সদস্যরা বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবাগ্রহণ করেছেন। তবে আক্রান্ত পুলিশ সদস্যদের সংগৃহীত নমুনা কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের করোনা মুক্ত ও সুস্থ বলে নিশ্চিত করেছেন। পরে তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন।
এদিকে, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) একেএম হাফিজ আক্তারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডিআইজি রাজশাহী রেঞ্জের অধীন আটটি জেলা ও বিভিন্ন ইউনিটের পুলিশ সুপারদের করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া, করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া সকল দেশপ্রেমিক পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং বর্তমানে যারা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ইত্তেফাক/আরকেজি