চীনের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যোগে লড়তে চায় ইউরোপীয় ইউনিয়ন। সেই লক্ষ্যে ইউরোপ ও আমেরিকার মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
তবে ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিকের এমন আহ্বানে সাড়া দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপকালে এমন আহ্বান জানানো হয় বলে জানায় ব্যাংকক পোস্ট।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল বলেছেন, আমাদের দুই পক্ষেরই স্বার্থ রক্ষার্থে একটি সাধারণ অবস্থানে পৌঁছনো প্রয়োজন।
তিনি বলেন, চীনের বিরুদ্ধে আমাদের উভয় পক্ষকে আরও শক্তিশালী কৌশল দরকার। আর এ জন্য এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করতে হবে।
বোরেল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, চীনের সঙ্গে সমস্যাগুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে ‘স্বতন্ত্র দ্বিপক্ষীয় সংলাপ’ চালুর পরামর্শ আগেই দিয়েছিলেন তিনি।
তিনি বলেন, এসময় ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। আমাদের স্বার্থ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক সঙ্গে থাকা জরুরি।
আরও পড়ুন: চীনের প্রেসিডেন্টকে ভেবে কোরিয়ার নেতা কিমের কুশপুতুল পোড়াল ভারত!
ওই সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাশ বোরেলের আহ্বানের প্রতি সমর্থন জানান। এএনআই।
ইত্তেফাক/আরআই