বাংলাদেশসহ সারা পৃথিবী এখন এক দু:সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে প্রতিদিনই মানুষের প্রাণহানির সাথে অর্থনীতিরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই এবারের প্রস্তাবিত বাজেট অনেক বেশি গুরুত্ব বহন করছে সবার কাছে। বর্তমান সংকট কাটিয়ে দেশের অর্থনীতি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে এই আশা করছেন সবাই।
বুধবার রাতে (১৭ জুন ২০২০) জাতীয় বাজেট নিয়ে অনুষ্ঠিত অনলাইন গোলটেবিল আলোচনায় সম্মানিত অতিথিরা এসব কথা বলেন। দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ এবং দৈনিক কালের কণ্ঠের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই গোলটেবিল বৈঠক।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন পিডাব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশীদ। আয়োজক দুই প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন, এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. এহসানুল হক বাশার, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসিসিএ বাংলাদেশের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শাফায়াত আলী চয়ন। এসিসিএ বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার আব্দুল্লাহ আল হাসান এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নূর-ই-ফয়জুন নাহার।
সামিট কমিউনিকেশনস লিমিটেডের এমডি ও সিইও আরিফ-আল ইসলাম, জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান, স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার স্নেহাশীষ বড়ুয়া ও জারীন মাহমুদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. আবু ইউসুফ ও ড. রুমানা হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের সিএফও ও কোম্পানি সেক্রেটারি মোঃ কাউসার আলম, এইস অ্যাডভাইজরির পার্টনার সিজান মুমিথ চৌধুরী, এ. কাশেম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ট্যাক্স পার্টনার মোহাম্মদ আবু হানিফ মিয়াহ, ইন্ট্যারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রা.) লিমিটেডের এমডি আশরাফ বিন তাজ, গ্রামীণফোনের সাবেক ডেপুটি সিএফও মোস্তফা আলিম আওলাদসহ পিডাব্লিউসি বাংলাদেশ থেকে ইয়ামিন জাহাঙ্গীর, মো. ফুয়াদ উদ্দিন খান ও কাজী মুজাহিদ উল ইসলাম অংশগ্রহণ করেন।
এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. এহসানুল হক বাশার তার বক্তব্যে বাজেটে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো নিশ্চিত করার ব্যাপারে জোর দেয়ার পাশাপাশি শিক্ষার বিশ্বমানের ফ্রেমওয়ার্ক তৈরি, সরকারি বিভিন্ন খাতে অটোমেশন এবং সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বৈঠকের কনসালটেন্সি পার্টনার এইস অ্যাডভাইজরি।
ইত্তেফাক/আরএ