লোহার রডের ওপর পেরেক বসানো এক ধরণের অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের পিটিয়ে মেরেছে চীনা সেনারা। সেই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়।
লোহার রডে পেরেক লাগানো সেই অস্ত্রের ছবি বিবিসিকে দেয় ভারতের এক সামরিক কর্মকর্তা।
এই কর্মকর্তা বলেন, হাতে তৈরি এই অস্ত্র সংঘর্ষের সময় ব্যবহার করে চীনা সেনারা। ছবিটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত সোমবার রাতে হিমালয় অঞ্চলের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষ হয় ভারতের।
ভারতে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, খাড়া পর্বতের প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়।
কিছু সৈন্য পা পিছলে গালওয়ান নদীতে পড়ে যায়। যেখানে তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে। এতে তাদের মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৬ সালে চীন ও ভারতের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তিতে দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় গোলাগুলি ও বিস্ফোরকের ব্যবহার নিষিদ্ধ করা হয়।
এদিকে ওই সংঘর্ষের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে চীন। মন্তব্যে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাহো জানান, ভারতীয় সৈন্যরা সীমান্ত অতিক্রম করে চীনা ভূখণ্ডে প্রবেশ করে আক্রমণ চালায়। এতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়।
তবে চীনের কোনও সৈন্য হতাহত হয়েছে কি না সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেননি তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের ভূখণ্ডের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে সামরিক বাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ