যুক্তরাজ্যে ছুরি হামলায় নিহত ৩

যুক্তরাজ্যের রিডিং শহরে ছুরি হামলায় কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। শনিবার একটি পার্কে চালানো এই হামলায় আরো তিন জন গুরুতর  আহত হয়েছেন। 

ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়,  ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রিডিং শহরের ফোর্বারি গার্ডেনে যুক্তরাজ্য  সময় সন্ধ্যা ৭টার দিকে এই হামলা চালানো হয়।   আটক সন্দেহভাজন ব্যক্তি লিবিয়ার নাগরিক বলে জানা গেছে। তবে এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে এখনই গণ্য করা হচ্ছে না বলে ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। 

এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানায়, হামলাকারী পার্কে থাকা বেশ কয়েকজনের ওপর ছুরি দিয়ে হামলা চালায় । হামলাকারী তার দিকে হামলার জন্য তেড়ে আসছিলেন বলেও জানান ওই প্রত্যক্ষদর্শী। 

সংবাদমাধ্যম সানডে মিররের প্রতিবেদনে বলা  হয়েছে, ঘটনাস্থলে এসে একটি পুলিশ কর্মকর্তা ওই হামকারীকে রাগবি খেলার মতো করে  মোকাবেলা করে এবং তাকে মাটিতে ফেলে দেন। 

 এই হামলার বিষয়ে ব্রিটিশ গোয়েন্দা দলের প্রধান  সুপারিন্টেন্ড ইয়ান হান্টার বলেন, এই হামলার সঙ্গে অন্য কোনো যোগসাজশ রয়েছে বলে তারা মনে করেন না। এই হামলার সঙ্গে বর্ণবাদবিরোধী আন্দোলনের কোনো সংযোগ নেই বলেও মনে করছে ব্রিটিশ পুলিশ। 

ইত্তেফাক/এআর