সুশান্ত আত্মহত্যা: ফ্যানদের যে অনুরোধ করলেন সালমান

প্রবল সমালোচনা এবং বিতর্কের মধ্যেই নিজের ফ্যানদের বার্তা দিলেন বলিউড তারকা সালমান খান। শনিবার নিজের টুইটারে ফ্যানদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দেন। 

সালমান খান টুইটারে জানান, ক্রমাগত সমালোচনা ও দোষারোপে আমি প্রভাবিত নই। তোমরা সুশান্ত অনুরাগীদের পাশে দাঁড়াও। ওদের তোমাদের প্রয়োজন। 

টুইটারে তিনি আরও লিখেন, স্বজন হারানোর যে ব্যথা, তার সঙ্গে লড়তে সবাইকে সুশান্তের পরিবার ও ভক্তদের পাশে দাঁড়াতে হবে। 

 

A request to all my fans to stand with sushant's fans n not to go by the language n the curses used but to go with the emotion behind it. Pls support n stand by his family n fans as the loss of a loved one is extremely painful.

— Salman Khan (@BeingSalmanKhan) June 20, 2020

 

এদিকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী চুক্তি ছিল, জানতে চেয়ে যশ রাজ ফিল্মসকে নোটিশ পাঠিয়েছে মুম্বাই পুলিশ। দ্বিপাক্ষিক সেই চুক্তির বিস্তারিত থানায় পাঠাতে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে।  

এই প্রসঙ্গে মুম্বই পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে মৃত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। তিনি পুলিশকে বলেছেন, সুশান্তকে আমি বলেছিলাম যশরাজের সঙ্গে চুক্তি ভাঙো। আমিও ভেঙেছি, তুমিও ভাঙো।  

ইতিমধ্যে প্রায় ১৩ জনের জবান  রেকর্ড করেছে বান্দ্রা থানার পুলিশ। তালিকায় সুশান্ত ঘনিষ্ঠ রিয়া চক্রবর্তী, মুকেশ ছাবড়া ছাড়াও পরিবার ও অন্য বন্ধুরা রয়েছেন। 

জানা গেছে, তদন্তের স্বার্থে যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া আর কাস্টিং ডিরেক্টরকে তলব করতে পারে পুলিশ। 

এছাড়া সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সালমান খানের বিরুদ্ধে বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের হয়েছে ১৮ জুন।

নেপোটিজমের অভিযোগ এনে একাধিক তারকার বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। পরিচালক অভিনব কাশ্যপের সুরে সুর মিলিয়ে সালমানকে বয়কটেরও ডাক দিয়েছেন অনেকে।  

১৯ জুন সকালে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল সালমানের বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে।

এদিন সকালেই সুশান্তের শহর পাটনায় সালমানের বিইং হিউম্যান স্টোরের সামনে বিক্ষোভ করেন সুশান্তের ভক্ত-অনুরাগীরা। এবার সেই বিক্ষোভের আঁচ গড়াল মুম্বাইয়ে সালমানের বান্দ্রার বাসভবনের সামনেও।

প্রয়াত অভিনেতা সুশান্তের পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীরা 'হায় হায় সালমান খান… মুর্দাবাদ সালমান' বলে স্লোগান তোলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিক্ষোভকারীদের সামাল দিতে তৎপর হতে হয়েছে মুম্বাই পুলিশকে। এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর