করোনা: বগুড়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো

করোনার হটস্পট বলে পরিচিত বগুড়ায় করোনার সংক্রমণ কমছে না। দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ ২০ জুনের ফলাফলে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার অতিক্রম করেছে। শনিবার স্বাস্থ্য বিভাগের ফলাফলে নতুন করে আক্রান্ত হয়েছে ১০০ জন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৮৫ জনে। রবিবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন প্রেস বিফিংয়ে এ সব তথ্য জানান।

তিনি জানান, সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাবে শনিবার ৩৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করার ১৮৮টি নমুনায় ৫২ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৫১টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৪৮টি। নতুন করে আক্রান্ত ১০০জনের মধ্যে ৭৪জন পুরুষ, ২৪জন নারাী ও ২জন শিশু রয়েছে। আক্রান্ত ১০০জনের মধ্যে বগুড়া সদরে ৮৯জন, শাজাহানপুরে ৪জন, গাবতলী ও কাহালুতে ২জন করে, ধুনট, সারিয়াকান্দি ও শেরপুরে একজন করে করোনা পজিটিভ রয়েছেন। তিনি জানান, জেলায় নতুন করে আরো ২জন মারা যাওয়ায় জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

ইত্তেফাক/আরকেজি