লালপুরের পদ্মায় নৌকা ডুবি, নিখোঁজ ২

নাটোরের লালপুর উপজেলার চর-মহাদিয়াড় এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। রবিবার বিকেলে লালপুরের নদীর লক্ষীপুর বালুঘাটের সন্নিকটে চর মাহাদিয়ার এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।  এতে নিখোঁজ ব্যক্তিরা হলেন উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার কাইমুদ্দিনের ছেলে পুকিন (৩৫) ও আতব্বর এর ছেলে সেলিম (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার পদ্মার চরে বাদাম তুলে পাঁচজন শ্রমিক নৌকা যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় লক্ষীপুর বালু ঘাট এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা হলেও এখন পর্যন্ত দুইজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা লালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।  

স্থানীয় ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচডি