করোনা ভাইরাসে আক্রান্ত ভোলার জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হচ্ছে বলে রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হচ্ছে।
তিনি বলেন, তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হলে তিনি মাহমুদুল হককে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তার চিকিৎসা করা হবে।
ভোলার জেলা জজ এবিএম মাহমুদুল হক গত ১২ জুন করোনাভাইরাস জনিত রোগের উপসর্গ নিয়ে ভোলায় সরকারি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, রবিবার রাত সাড়ে আটটায় বিমান বাহিনীর হেলিকপ্টরে তাকে চিকিৎসার জন্যে ঢাকায় নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএম