গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। এরমধ্যে সোমবার সকালে গাইবান্ধা সদর উপজেলায় দেড় বছরের শিশু সিহা খাতুন ও রবিবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলায় চার বছর বয়সী শিশু নাফিজ। 

মৃত. সিহা খাতুন গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কাটিহারা গ্রামের শামীম মিয়ার মেয়ে ও মৃত. নাফিজ সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। 

ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুর জামান রিংকু জানান, সোমবার সকালে সিহা বাড়ির সামনে পুকুরের ধারে একাকি খেলতে ছিল। একসময় হঠাৎ করে সে উধাও হয়ে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে পুকুর থেকে সিহার লাশ উদ্ধার করে। 

ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাব্বী আবদুল্লা রিয়ন জানান, রবিবার বিকেলে নাফিজ নিজ বাড়ির উঠানে খেলতেছিল। এক পর্যায়ে পরিবারের লোকজন দেখেন উঠানে নাফিজ নাই। পরে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৭টার দিকে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

ইত্তেফাক/এসআই