ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের রামপুর গ্রামে সোমবার (২২জুন) মাকে মারধর করার অভিযোগে ছেলে নাসিমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, উপজেলার রামপুর গ্রামে গত ১৬ জুন মা আরোশা বেগম তার নিজ ক্ষেতে পটল তুলতে গেলে ছেলে নাসিম তাকে বাধা দেয় এবং বাড়িতে আসতে বলে। কিন্তু মা ভয়ে বাড়িতে না এসে পাশের সমশের মেম্বারের বাড়ির দিকে রওয়ানা দেয়। ছেলে নাসিম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পথেই তার মাকে বেদম মারপিট করে। এতে মা আরোশা বেগম (৫৫) গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। পরে মা এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচার চায়। বিচার না পেয়ে তিনি বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করেন।
পরে মামলার কথা জেনে নাসিম তার মাকে বিভিন্ন ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। সোমবার সকালে শিবদিঘী কাঁচাবাজারে নাসিম তার মাকে পেয়ে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাসিমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
মামলার আইও এসআই দীপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআর