গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ২১জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জনে।
গত ২৪ ঘণ্টায় ১২জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫জন । গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ৯জন।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৭জন, মুকসুদপুরে ৩জন, কোটালীপাড়ায় ৮জন, টুঙ্গিপাড়ায় ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত ৪৪৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১২৮জন, কাশিয়ানীতে ১২০জন, গোপালগঞ্জ সদরে ১১১জন, টুঙ্গিপাড়ায় ৬৬জন ও কোটালীপাড়া উপজেলায় ৭৯জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৪৪ জন।
ইত্তেফাক/আরকেজি