বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা। এসময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে, শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে দলের পক্ষ থেকে সমাধি সৌধের বেদিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বাঙালির প্রতি শ্রদ্ধা জানান এবং সেখানে জাতির পিতার আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হাসেন, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি