কেরানীগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে বন্ধুদের হামলায় আজাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিটফোর্ড হাসপাতালে সে মারা যায়।

আজাদ টাঙ্গাইল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা আমির হোসেন একজন ওষুধ ব্যবসায়ী। 

আজাদের বাবা আমির হোসেন অভিযোগ করেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজাদের সঙ্গে তার বন্ধু মালেক, ফাহিম ও শাহীনের চা ও সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বন্ধুরা কৌশলে আজাদকে ডেকে আমবাগিচা পুকুর পাড় এলাকায় নিয়ে ছোড়া দিয়ে আজাদকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় আজাদকে আহত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১ টায় আজাদ মারা যায়। 

কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, এ ঘটনায় মঙ্গলবার সকালে মালেকসহ তিনজনকে আটক করছে। তারা হত্যায় জড়িত কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ইত্তেফাক/ইউবি