একই কারখানায় করোনায় আক্রান্ত ১৩০০, জার্মানিতে শুরু হচ্ছে লকডাউন

করোনা ভাইরাসের মহামারিতে নাকাল বিশ্ববাসী। জার্মানিতেও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে একটি কারখানায় অন্তত ১৩০০ কর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সেই সঙ্গে জার্মানিতে ফের লকডাউন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বিবিসি জানায়, মাংস প্যাকেট-জাত করার একটি কারখানায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর জার্মানিতে নতুন করে লকডাউন আরোপ করা হচ্ছে।

জার্মানির নর্থ-রাইন-ওয়েস্টফারিয়া প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুটেরস্লো জেলায় প্রায় ৩৬০,০০০ লোক বসবাস করেন। তাদের উপর কড়া লকডাউন আরোপ করা হচ্ছে। আর এই লকডাউন ৩০শে জুন পর্যন্ত বলবত থাকবে।

খবরে বলা হয়, টনিজ নামের মাংস প্যাকেটজাত করার কারখানাটিতে কমপক্ষে ১৩০০ শ্রমিক-কর্মচারীর শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪০ লাখ লোক মারা যেতে পারতো: ট্রাম্প

এদিকে, জার্মানিতে মে মাসে লকডাউন তুলে নেওয়ার পর এই প্রথম তা আবার আবার আরোপ করা হচ্ছে। জার্মানি যেভাবে করোনা ভাইরাস মোকাবেলা করেছে, তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তবে সেদেশে নতুন করে সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।


ইত্তেফাক/আরআই