গাছ চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু

হবিগঞ্জের লাখাইয়ে গাছ চাপা পড়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পলাশ (১৮) ও মঞ্জু (১৯) নামে দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গিয়াস উদ্দিন নামে আরো এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের পান্নাডর রাস্তায় এ ঘটনা ঘটে। 

নিহত দুই জনই নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে পলাশ মিয়া ও একই গ্রামের লস্কর মিয়ার ছেলে মঞ্জু মিয়া। আহত গিয়াস উদ্দিন(২৭) ধরমন্ডল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। 

আরো পড়ুন: পড়ালেখা বন্ধ না করায় ঢাবি ছাত্রীকে হত্যার অভিযোগ 

স্থানীয় ও নিহত পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে ধরমন্ডল থেকে তিন যুবক মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজে লাখাই উপজেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। লাখাইয়ের পান্নাডর নামস্থানে ঠিকাদারের লোকজন সরকারি গাছ কাটার সময় তাদের ওপর গাছটি পড়ে। এসময় ঘটনাস্থলেই পলাশ ও মঞ্জু মারা যায়। সাথে থাকা গিয়াসউদ্দিন আহত হলে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসিরনগর থেকে মোটসাইকেল যোগে তিন যুবক লাখাই আসার পথে সড়কের গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং একজন আহত হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। 
    
ইত্তেফাক/এএএম