‘প্রণোদনার সুফল নিশ্চিত করতে ডাটাবেজ আপডেট হবে’

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুফল নিশ্চিত করতে এসএমই ডাটাবেজ দ্রুত আপডেট করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো এই ডাটাবেজ আপডেট করবে। এর ফলে তৃণমূল পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা প্রণোদনার সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ মঙ্গলবার ‘কোভিড-১৯ অথনৈতিক সংকট এবং বাংলাদেশের এসএমই শিল্পখাত’ বিষয়ক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে করোনা সংকট উত্তরণে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বিল্ড এবং বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে গঠিত পলিসি ডেভলপমেন্ট প্ল্যাটফর্ম ‘রিসারজেন্ট বাংলাদেশ’ এ সংলাপের আয়োজন করে।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বিল্ডের চেয়ারপার্সন আবুল কাশেম খান। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. মনজুর হোসেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম,উদ্যোক্তা প্রতিষ্ঠান ক্রিয়েশন’র ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না, তরঙ্গের প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনুর ইয়াসমিন, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ,সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, নারী শিল্প উদ্যোক্তা রুবিনা হোসেনসহ এসএমই খাতের শিল্প উদ্যোক্তা,ব্যবসায়ী নেতা, উন্নয়ন গবেষক এবং গণমাধ্যম কর্মীরা আলোচনায় অংশ নেন। সংলাপের সুপারিশগুলো তুলে ধরেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ।

অনুষ্ঠানে বক্তারা করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সুরক্ষায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের প্রশংসা করেন। তারা বলেন, অতি দ্রুততার সাথে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও ব্যাংকিং জটিলতার কারণে এসএমই শিল্পোদ্যোক্তারা এর সুফল পাচ্ছে না। এছাড়া ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার সুবিধা দেয়ায় অপ্রাতিষ্ঠানিক খাতে গড়ে ওঠা অনেক শিল্প ও ব্যবসার ক্ষেত্রে ঘোষিত প্রনোদনার সুবিধা পাওয়ার সুযোগ নেই। তারা ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি মাইক্রো-ফাইন্যান্সিং ইনস্টিটিউট (এমএফআই)সহ নন-ব্যাংকিং সেক্টরের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অপ্রাতিষ্ঠানিক, কুটির, ক্ষুদ্র শিল্প ও ব্যবসার জন্য এ সুবিধা প্রদানের ব্যবস্থা করাার আহ্বান জানান।

বক্তারা এ লক্ষ্যে দ্রুত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে জন্য একটি বাস্তবসম্মত ডাটাবেজ তৈরি,ব্যাংকিং চ্যানেলের বাইরের এসএমই খাতের উদ্যোক্তাদের সহায়তায় বিসিক ও এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে জেলা পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস স্থাপন,কুটির ও ক্ষুদ্র শিল্পের জন্য প্রথাগত ব্যাংকিংয়ের বাইরে প্রণোদনা পেতে পৃথক ব্যবস্থা করা ও ডিজিটাল মার্কেট প্লেস তৈরির পরামর্শ দেন। তারা প্রয়োজনে বিদ্যমান আর্থিক নীতি সংস্কারের পাশাপাশি উদ্ভাবনী এসএমএস শিল্পখাত গড়ে তুলতে সরাসরি বিদেশি বিনিয়োগ ও স্থানীয় এসএমই উদ্যোক্তাদের মধ্যে কার্যকর লিংকেজ স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন।

ইত্তেফাক/কেকে