ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মারপিটে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩জুন) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম জামালউদ্দিন (৪৫)।
স্থানীয়রা জানায়, বলঞ্চা গ্রামের রমজান আলীর বাড়ির বৃষ্টির পানি তার প্রতিবেশী চাচাত ভাই সাহাব আলীর বাড়ির রাস্তার ওপর দিয়ে যাচ্ছিল। এ নিয়ে সকালে রমজান ও সাহাবের মধ্যে ঝগড়া বাঁধে। এতে রমজানের ভাই জামাল উদ্দিন ভাইয়ের পক্ষ নেয়। এক পর্যায়ে সাহাব আলীর ছেলে আলম চাচা জামাল উদ্দিনকে বেধড়ক কিল ঘুষি মারতে থাকলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন: চীন-ভারত সেনাদের সংঘর্ষের ভিডিও প্রকাশ
জামালউদ্দিন হার্টের অসুখে ভুগছিলেন বলে জানা যায়। খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। এ দিনেই মৃত জামাল উদ্দিনের স্ত্রী আকতারা বানু বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের স্ত্রী এ নিয়ে একটি মামলা করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।’
ইত্তেফাক/এএএম