রেকর্ড ভাঙা-গড়ার খেলা ক্রিকেট। পাঁড় ক্রিকেট ভক্তমাত্রই সব রেকর্ড মনে গেঁথে রাখতে চান। অজস্র সব রেকর্ডের ভিড়ে এমন ভূতুড়ে কিছু কীর্তিও হয়, যা সবার নজর এড়িয়ে যায়। ক্রিকেট মাঠে বোলাররা প্রায়ই এমন সব আজব রেকর্ড গড়েন, যেসব খুব বেশি আলোচনার ঝড় তোলে না।
অভিষেকেই ‘সেরা’
টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেকে ৫ উইকেট পেয়েছেন, ম্যাচ সেরাও হয়েছেন—ক্রিকেট বিশ্বে এমন বোলার আছেন কেবল মাত্র একজন। তিনি হলেন বাংলাদেশের ইলিয়াস সানি। ২০১১ সালে টেস্ট ও ২০১২ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় বাঁ-হাতি এই স্পিনারের। যদিও, দারুণ শুরুর পরও ক্যারিয়ারে মাত্র চার টেস্ট, চার ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলতে পেরেছেন তিনি।
বোলার শচীন
ব্যাটিং কিংবদন্তি হওয়ার পাশাপাশি শচীনের বোলিংও ছিল কার্যকর। শচীন প্রথম উইকেট পান ১৭ বছর ২২৪ দিন বয়সে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার বলে খোঁচা লাগিয়ে কিরণ মোরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোশান মহানামা। সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান কনিষ্ঠতম ভারতীয় উইকেট শিকারি। ভেঙে দেন মনিন্দর সিংহের রেকর্ড।
এর বাদে তিনিই একমাত্র আন্তর্জাতিক বোলার, যার দখলে রয়েছে একাধিকবার শেষ ওভারে ছয় রান বা তার কম রান বাঁচিয়ে ম্যাচ জয়ের রেকর্ড। ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ম্যাচ জেতান বল হাতে।
দীর্ঘতম ওভার
সবচেয়ে লম্বা ওভার করার রেকর্ড পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ সামি, বাংলাদেশের বিপক্ষে । ২০০৪ সালের এশিয়া কাপের সেই ওভারে সামি করেছিলেন ১৭টি ডেলিভারি এবং ঐ ওভারে এসেছিল ২২ রান । ঐ ওভারে সাতটা ওয়াইড ও চারটা নো বল করেন সামি।
জন্মদিনে অর্জন
জন্মদিনে ক্রিকেট মাঠে অর্জন নিঃসন্দেহে আলাদা গুরুত্ববহ। অস্ট্রেলিয়ার পিটার সিডল হলেন একমাত্র বোলার যিনি নিজের জন্মদিনে হ্যাটট্রিক করেন। ২০০৮ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর ২০১০-১১ মৌসুমে গাব্বায় ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে ২৬তম জন্মদিন উদ্যাপন করেন সিডল।
ভূতুড়ে স্পেল
কোনো ‘বৈধ’ ডেলিভারি না করেই ক্রিকেটের ইতিহাসে ৮ রান হজম করা একমাত্র বোলার হলেন পাকিস্তানের আব্দুর রেহমান। ২০১৪ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি এই কাণ্ড ঘটান। একটি বাউন্ডারির সঙ্গে একটি সিঙ্গেল এবং তিনটি নো বলে ৩ মিলিয়ে বাংলাদেশের ইনিংসে যোগ হয়েছে ৮ রান। এখানেই শেষ নয়, টানা বিমারে আর আক্রমণে ফেরা হয়নি তার। বিমার দিয়ে বোলিং থেকে সরে যাওয়া ক্রিকেট ইতিহাসের একমাত্র স্পিনার তিনি।