গফরগাঁওয়ে করোনা উপসর্গে আরো একজনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। 

মারা যাওয়া ওই ব্যক্তির নাম আব্দুস ছাত্তার (৫৮)। তিনি উপজেলার হাটুরিয়া গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বেশ কিছুদিন যাবত জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার দুপুরে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

আরো পড়ুন: উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান মানিক জানান, মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ ছিল। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতের দাফনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুসরণ করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে গফরগাঁওয়ে করোনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। মোট আক্রান্ত ৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।


ইত্তেফাক/এএএম