ক্যারিয়ারের শঙ্কায়

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

করোনা মহামারির ভয়ঙ্কর বিস্তার গোটা বিশ্বকে থমকে দিয়েছে। স্থবির হয়ে গেছে সবকিছুই। পরিবেশ, পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো আগের মতো তাহলে এতদিনে আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’, ‘সাদাক টু’ ছবি দুটি দর্শকদের সামনে চলে আসতো। ছবি দুটির মুক্তির তারিখ সেভাবেই নির্ধারিত ছিল। মার্চ থেকে বলিউডে কার্যত লকডাউন চলছে। শুটিং বন্ধ, নতুন সিনেমা মুক্তি বন্ধ। সিনেমা হলগুলো কবে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে— এখনও কেউ বলতে পারে না। বলিউড তারকারা শুটিং বাদ দিয়ে আপন ঘরে কোয়ারেন্টাইনে আছেন। আলিয়া ভাটও এর বাইরে নন। মাঝখানে ঋষি কাপুরের মৃত্যুর পর তাকে দেখা গিয়েছিল প্রেমিক রণবীর কাপুরদের বাড়িতে। রণবীরকে সান্ত্বনা দিতে খুব কাছের একজন হিসেবে আলিয়া ছুটে গিয়েছিলেন সেখানে।

রণবীর কাপুরের সঙ্গে তার গভীর সম্পর্কের বিষয়টি এখন আর কারো অজানা নেই। তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। রোমান্টিক পর্দাজুটি হিসেবে তাদেরকে প্রথমবারের মতো দেখা যাবে এ ছবিতে। চলতি বছরে আলিয়া অভিনীত উল্লেখ করার মতো আরেকটি সিনেমার কাজ শেষ হয়ে মুক্তির জন্য প্রস্তুত হওয়ার কথা ছিল। সেই আলোচিত সিনেমাটি হলো ‘গাংগুবাই কোঠেওয়ারি’। মুম্বাইয়ের পুরনো কামাথিপুরা পতিতালয়ের সর্দারনী গাংগুবাইয়ের জীবন কাহিনি অবলম্বনে রচিত উপন্যাসের চিত্ররূপ দিচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার সঞ্জয় লীলা বানসালি। আলিয়া ভাট তেমনি একটি চরিত্রে ক্যারিয়ারে নতুন এক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সে অনুযায়ী যথাযথ অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করে তুলেছিলেন। পতিতালয়ের একজন সর্দারণীর মুখের ভাষাসহ অঙ্গভঙ্গি সবই রপ্ত করেছিলেন। পুরো ব্যাপারটিকেই সিরিয়াসলি গ্রহণ করেছিলেন বলিউডের এই জনপ্রিয় তন্বী অভিনয় তারকা। করোনা মহামারীর উদ্ভুত পরিস্থিতিতে ‘গাংগুবাই কোঠেওয়ালি’ ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আলিয়া ভাট প্রথমবারের মতো একটি দক্ষিণী সিনেমায় কাজ শুরুর কথা ছিল। বাহুবলি খ্যাত চিত্রনির্মাতা রাজমৌলির নতুন সিনেমা ‘আর আর আর’-এ অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করা হয়েছে তাকে। কিন্তু বর্তমান লকডাউন পরিস্থিতিতে এ ছবিরও কাজ থেমে আছে। করোনার প্রভাবে আলিয়ার ক্যারিয়ারও স্থবির হয়ে আছে বলিউডের অন্যান্য তারকাদের মতো। এদিকে বলিউডে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। নেপোটিজমের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অনেকেই। চলচ্চিত্র পরিবার থেকে আসা ছেলে-মেয়েরা তুলনামূলক ভালো সুযোগ পেয়ে আসছে বলিউডে। এর বাইরে সাধারণ অখ্যাত পরিবার পরিবেশ থেকে আসা শিল্পীরা যোগ্যতা থাকলেও যথাযথ প্রাপ্য সম্মান ও মর্যাদা পাচ্ছে না। সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যু সেটা আবার সামনে নগ্নভাবে তুলে ধরেছে।  একজন চলচ্চিত্র পরিবারের কন্যা হিসেবে আলিয়া ভাটকে বিশেষ সুবিধাভোগী তারকা হিসেবে চিহ্নিত করে ইনস্টাগ্রামে আনফলো করেছেন লক্ষ লক্ষ অনুসারী। তারা আলিয়াকে আগামীতে বয়কট করার ঘোষণাও দিয়েছেন। যদিও সুশান্তের বেদনাদায়ক মৃত্যুতে দুঃখ ও সহানুভূতি প্রকাশ করে টুইটার ও ইনস্টাগ্রামে কমেন্টস পোস্ট করেছিলেন। কিন্তু তাতে সাধারণ দর্শকদের ক্ষোভ নিরসন হয়নি। একজন সুবিধাপ্রাপ্ত তারকা পরিবারের কন্যা হিসেবে আলিয়া ভাট সবার ক্ষোভ, নিন্দা, সমালোচনার টার্গেটে পরিণত হয়েছেন হালে!