ইংলিশ চ্যাম্পিয়নশিপের গ্যালারিতে ওসামা বিন লাদেন!

করোনা ভাইরাসের কারণে স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিষেধ। মাঠে হাজির হতে না পারা সমর্থকদের গ্যালারিতে থাকার সুযোগ এসেছে কাট আউটের মাধ্যমে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিডস ২৫ পাউন্ডের বিনিময়ে সমর্থকদের ছবি ছাপিয়ে গ্যালারির আসনগুলোতে বসিয়ে দিচ্ছে। ভক্তদের ভালোবাসার প্রমাণ দেখাতে সে ছবিও দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে নিজের ছবি খুঁজতে গিয়ে এক ব্যক্তি দেখেন তার পাশের সিটে বসে আছেন ভয়ংকর সন্ত্রাসী ওসামা বিন লাদেন!

লিডস ইউনাইটেড ঠিক এই কাজটাই করেছিল। কিন্তু দর্শকসারির একদম সামনের দিকেই তারা ওসামা বিন লাদেনের কাটআউট ছবি সম্বলিত কার্ডবোর্ড বসায়, যা দেখে বলতে গেলে সবার চক্ষু চড়কগাছ হয়ে যায়।

সাথে সাথে সেই ব্যক্তি টুইটারে ছবিটি পোস্ট করে লিখেন, 'লিডস ইউনাইটেডেকে ধন্যবাদ। ওদের কারণেই বিন লাদেনের পাশে বসার সুযোগ হলো।' সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছড়াতে সময় লাগেনি। কেউ দুষ্টুমি করে হয়তো লাদেনের ছবি পাঠিয়েছিল কিংবা কেউ উদ্দেশ্যমূলকভাবেই এই কাজ করেছে। যারা এসব কাট আউট গ্যালারিতে বসিয়েছে, তারা হয়তো লাদেনকে চিনতই না। কিংবা খেয়াল করেনি। যাই হোক, লাদেনের ছবিটি সরিয়ে ফেলেছে লিডস।

অবশ্য এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত লাদেনের কাটআউট সরিয়ে ফেলা হয়। এরপর পুনরায় এমন কিছু হবে না সে ব্যাপারেও আশ্বাস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু এতে সমালোচনা থামেনি। সমর্থকরা ক্লাব কর্তৃপক্ষকে রীতিমত ধুয়ে দিচ্ছে।

ইত্তেফাক/এসআই