এনবিআরের সামনে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বিড়ির উপর শুল্ক বৃদ্ধির প্রতিবাদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সহস্রাধিক বিড়ি শ্রমিক নেতাকর্মী অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বিড়িতে শুল্ক কমানোসহ ৬ দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এমকে বাঙ্গালী বলেন, এবারের বাজেটে প্রতি প্যাকেটে বিড়ির মূল্যস্তর ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে সার্বিকভাবে কর বেড়েছে ২৯ শতাংশ। অথচ নিম্নস্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্যস্তর মাত্র ২ টাকা বৃদ্ধি ও সম্পূরক শুল্ক ২ শতাংশ বাড়ানোর পরও ট্যাক্স· বৃদ্ধি পেয়েছে মাত্র ৮ দশমিক ৪২ শতাংশ। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে শ্রমিকদের জন্য এটি মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াবে। কাজ না পেয়ে অসহায় শ্রমিকরা করোনায় আক্রান্ত না হয়ে অনাহারেই মৃত্যুর দিকে ধাবিত হবে। এ সময় বক্তারা এই শুল্ক নীতিকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন, যুগ্ম-সম্পাদক হেরিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু প্রমুখ।

ইত্তেফাক/আরএ