বাফুফের হিসাবরক্ষক হেদায়েত উল্লাহ মারা গেছেন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হিসাবরক্ষক মো. হেদায়েত উল্লাহ বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানীর রায়েরবাগের নিজ বাসায় ভোর সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। 

বাফুফে সূত্রে জানা গেছে, হেদায়েত উল্লাহ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করতে দিয়েছিলেন। রিপোর্ট আসার আগেই তিনি মারা গেলেন। এরপর সকালেই হেদায়েত উল্লাহর মরদেহ তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায় নেয়া হয় এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ছিলেন বাফুফের অনেক পুরনো একজন কর্মী। ফেডারেশনে নিষ্ঠার সঙ্গে চাকরি করেছেন ৪০ বছর। তিনিই ছিলেন বাফুফের সবচেয়ে পুরনো স্টাফ। সবার প্রিয়মুখ মো. হেদায়েত উল্লাহর মৃত্যুর খবরে দেশের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 

হেদায়েত উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণ।

ইত্তেফাক/এসআই