নাটোরের সিংড়ায় সিদ্দিক প্রামাণিক (৪৫) নামে এক রাজমিস্ত্রী খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের চক লাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্দিক চক-লাড়ুয়া গ্রামের আয়েজউদ্দিনের ছেলে।
সিদ্দিকের স্ত্রী শিউলি তার পরকীয়া প্রেমিক সেলিমের সহযোগিতায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ানদহ ইউনিয়নের হোলাইগাড়ি গ্রামের সেলিম ও চক লাড়ুয়া গ্রামের সিদ্দিক দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে সিদ্দিকের বাড়িতে সেলিমের যাতায়াত শুরু হয়। এক পর্যায়ে সিদ্দিকের স্ত্রী শিউলির সঙ্গে সেলিমের সম্পর্ক গড়ে ওঠে।
আরো পড়ুন : সন্তান প্রতিবন্ধী হওয়ায় তরুণীকে খুন!
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। সিদ্দিকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদ্ধারে তদন্ত চলছে। তবে পরকীয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
ইত্তেফাক/ইউবি