লাদেনকে শহীদ আখ্যা দিয়ে তোপের মুখে ইমরান খান

  পার্লামেন্টে দাঁড়িয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী  আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে শহীদ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় ইমরান খান এমনটি বলেন। 

২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার মূলে ছিলেন ওসামা বিন লাদেন। তাকেই শহীদ বলায় পাকিস্তানজুড়ে বেশ সমালোচিত হচ্ছেন ইমরান খান।  

পার্লামেন্ট বক্তব্য দেয়ার সময় ইমরান খান বলেন, অ্যাবোটাবাদে আমেরিকানরা আসে এবং লাদেনকে হত্যা করে। শহীদ করা হয় তাকে।

এই বিষয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ পার্লামেন্টে বলেন, লাদেনকে শহীদ আখ্যা দিয়ে  ইমরান খান ইতিহাস বিকৃতি করছেন।  

পাকিস্তানের সমাজকর্মী মিনা গাবিনা একটি টুইট বার্তায় বলেন, পুরো বিশ্বের মুসলমানরাই সংগ্রাম করছেন কারণ  সন্ত্রাসবাদের কারণে   
তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং আমাদের প্রধানমন্ত্রী তাকে শহীদ বলে পরিস্থিতি আরো ঘোলাটে করলেন। 

২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদের গ্যারিসন শহরে মার্কিন অভিযানে নিহত হন আল কায়দা নেতা ওসামা বিন লাদেন।  ওইদিন  দু'টো ব্ল্যাক হক হেলিকপ্টারে চেপে ২৩ জন মার্কিন সেনার একটি দল এসেছিল পাকিস্তানে।  এছাড়া 'কায়রো' নামের একটি কুকুরও ছিল ওই দলে। ওই কুকুর লাদেনকে খুঁজে বের করতে সাহায্য করেছিল।  

ইত্তেফাক/এআর