আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজাকার এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করতে আমরা কাজ করে যাবো।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ১৪ দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ সরকার হবে। বিরোধী যারা থাকবে তারাও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হবে। স্বাধীনতাবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করার জন্য জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পেয়েছি, সেটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো।
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ায় তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো জোট বা দল প্রতিবাদ করতেই পারে। স্মারকলিপি যদি দিয়ে থাকে তাহলে ভালো। আমরা আশা করবো, তারা সংসদে শপথ গ্রহণ করবে। তারা সংসদে ভূমিকা রাখবে।
আরো পড়ুন: স্কুলে যেতে প্রতিদিন ১৮ কিঃমিঃ পথ পাড়ি!
সংসদে বিরোধী দল নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের সবারই আশা- যারা বিরোধী আসনে বসবেন, সংখ্যায় যতই কম হোক না কেন, তারা ভূমিকা রাখতে পারবেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা তাদের ভূমিকা রাখবে। সরকারকে তারা সহযোগিতা করতে পারবে।
ইত্তেফাক/জেডএইচ